৫ আগস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্স এবং জাতীয় শোক দিবস ১৫ই আগস্টকে কেন্দ্র করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ‘স্বাভাবিক’ ও ‘শান্তিপূর্ণ’ রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সদস্যদের সমন্বয়ে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন এবং আগামী ১৫ আগস্ট পর্যন্ত তাদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।
জেলা প্রশাসনের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা এবং জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যৌথ টহল, চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সার্বক্ষণিক নিরাপত্তা তৎপরতা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, “গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি বিবেচনায় রেখে আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।”
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখা হবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


