ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট গবেষক ড. দীপ্তি সাহা আর নেই। শুক্রবার (৩১ জুলাই) সকালে নাশতা করার সময় হঠাৎ শ্বাসনালিতে খাবার আটকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ড. দীপ্তি সাহার আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
অধ্যাপক ড. দীপ্তি সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শোকবার্তায় তিনি বলেন, ড. দীপ্তি সাহা ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক, দক্ষ গবেষক এবং শিক্ষার্থীবান্ধব ব্যক্তিত্ব। শিক্ষা ও গবেষণায় তার অসামান্য অবদান দেশের উচ্চশিক্ষা অঙ্গনে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।
উপাচার্য প্রয়াত শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শুক্রবার বিকেলে শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য অধ্যাপক ড. দীপ্তি সাহার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে আনা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে রাজধানীর পোস্তগোলা শ্মশানে রাষ্ট্রীয় ও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
ড. দীপ্তি সাহার অকাল প্রয়াণে দেশের শিক্ষা ও গবেষণা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। তার কর্ম, অবদান এবং স্মৃতি দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় পরিবার ও শিক্ষাঙ্গনে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।


