যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা ব্যবসায়িক উদ্দেশ্যে ভিসা পেতে বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন নিয়ম চালু করছে মার্কিন সরকার। নতুন এই ব্যবস্থার আওতায় নির্ধারিত ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের কাছ থেকে সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড (Visa Bond) জমা নেওয়া হতে পারে।
শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টারের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন বিধানটি বি-১ (ব্যবসায়িক) এবং বি-২ (পর্যটন) শ্রেণির অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কনস্যুলার কর্মকর্তারা প্রয়োজন মনে করলে নির্দিষ্ট আবেদনকারীদের ভিসা অনুমোদনের শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে বলতে পারবেন। তবে এটি সব আবেদনকারীর জন্য বাধ্যতামূলক নয়; আবেদনকারীর ঝুঁকি, ভ্রমণের উদ্দেশ্য ও অন্যান্য বিষয় বিবেচনায় কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভাষ্য, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ভিসা বন্ড পাইলট কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতায় দেখা গেছে, এ ধরনের ব্যবস্থা ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখতে পারে। কর্মসূচিটির মাধ্যমে পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এর কার্যকারিতা মূল্যায়ন করেছে।
এর আগে পাইলট কর্মসূচিতে আবেদনকারীদের জন্য ৫ হাজার, ১০ হাজার অথবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড নির্ধারণের সুযোগ ছিল। তবে নতুন চূড়ান্ত বিধিমালায় ৫ হাজার ডলারের বিকল্প বাতিল করা হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।
ফেডারেল রেজিস্টারে ৩ আগস্ট আনুষ্ঠানিকভাবে প্রকাশের সঙ্গে সঙ্গেই নতুন নিয়ম কার্যকর হবে। কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ। তালিকায় বাংলাদেশও রয়েছে, ফলে নির্দিষ্ট পরিস্থিতিতে বাংলাদেশি ভিসা আবেদনকারীদেরও এই বন্ডের শর্তের মুখোমুখি হতে হতে পারে।


