রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে কথিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাকিবুল হোসেন (২৯) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একইসঙ্গে এজাহারে নাম থাকা আরও ৪৯ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাদের অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. মমিনুল ইসলাম গত ১৩ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন। তদন্ত শেষে তিনি উল্লেখ করেন, সার্বিক তথ্য-প্রমাণ, সাক্ষ্য এবং ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করে ৫০ জনের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি পাওয়া গেছে। তবে তদন্তে দেখা যায়, এজাহারভুক্ত কয়েকজন ঘটনার সময় মিরপুর এলাকায় উপস্থিত ছিলেন না এবং কারও কারও নাম অসৎ উদ্দেশ্যে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কারণে ৪৯ জনকে অভিযোগ থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
অব্যাহতির সুপারিশ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য ও আনোয়ার খান মডার্ন হাসপাতালের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি কামরুল আরেফিন, পাবনা-৪ আসনের সাবেক এমপি গালিবুর রহমান শরিফ, আলোক হেলথকেয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. লোকমান হোসেন এবং গার্মেন্টস ব্যবসায়ী ইলিয়াস আহমেদ তালুকদার।


