নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যানারে আয়োজনের অভিযোগ; সন্ত্রাসবিরোধী আইনে মামলা
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণের অভিযোগে নারী ও কিশোরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন এক নারী ও তার ১৬ বছর বয়সী ছেলে।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে প্রথমে দোয়া মাহফিল এবং পরে বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার বিতরণের আয়োজন করেন তারা।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকার ‘বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে’ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিভাবকহীন বৃদ্ধ ও পথশিশুদের জন্য পরিচালিত ওই বৃদ্ধাশ্রমে ডেকচিতে রান্না করা ভাত, ডিম, মুরগি ও গরুর মাংস রাখা হয়েছিল। খাবার বিতরণের সময়ই সেখানে অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সুফিয়া বেগম (৫০) ও তার ১৬ বছর বয়সী ছেলে, শারমিন আক্তার (৩০), শারমিন আক্তার লিমা (২৭), নুরুল হাকিম রাব্বি (২৫), হাবিবুর রহমান (১৯) এবং ১৭ বছর বয়সী আরেক কিশোর।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইখতিয়ার উদ্দিনের দাবি, গ্রেপ্তারদের মধ্যে চারজন নিষিদ্ধ ছাত্রলীগের এবং অন্যরা আওয়ামী লীগের সঙ্গে জড়িত।
ওসি বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রথমে দোয়া মাহফিল করেন। পরে বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার নিয়ে বিতরণ করছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
পুলিশের ভাষ্য অনুযায়ী, নুরুল হাকিম রাব্বি ছিলেন ওই আয়োজনের মূল আয়োজক। বায়েজিদ ও পাঁচলাইশ থানা ছাত্রলীগের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয় বলে দাবি পুলিশের।
ওসি আরও জানান, গ্রেপ্তার সাতজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
২০২৪ সালের কথিত জঙ্গি আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে দলটির ছাত্রসংগঠন ছাত্রলীগও নিষিদ্ধ। এই পরিস্থিতিতে শেখ হাসিনার জন্মদিন ঘিরে প্রকাশ্য খাবার বিতরণের আয়োজনকে কেন্দ্র করে চট্টগ্রামে সাতজনের গ্রেপ্তারের ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


