২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী ফ্রান্স শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, খেলোয়াড়দের বাজারমূল্যেও অন্য সব দলকে ছাড়িয়ে গেছে। সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল দিদিয়ের দেশমের দল, সেটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে মূল্যবান শুরুর একাদশ হিসেবে নতুন রেকর্ড গড়েছে।
গত ১৬ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ফ্রান্স। দুর্দান্ত এই জয়ের পাশাপাশি আরেকটি অনন্য কীর্তিও গড়ে তারা।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট-এর তথ্য অনুযায়ী, সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশের সম্মিলিত বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৭৭৪ কোটি ৬৫ লাখ টাকা। বিশ্বকাপের ইতিহাসে এর আগে কোনো দল এত বেশি বাজারমূল্যের একাদশ নিয়ে মাঠে নামেনি।
মজার বিষয় হলো, ফ্রান্স নিজেদের আগের রেকর্ডও নিজেরাই ভেঙেছে। ২০১৮ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ফরাসিদের শুরুর একাদশের বাজারমূল্য ছিল ৭১ কোটি ইউরো, যা এতদিন বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ছিল।
সেনেগালের বিপক্ষে ফ্রান্সের এই তারকাবহুল একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, মাইকেল ওলিসে, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েঁ চুয়ামেনি, থিও হার্নান্দেজ, দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা এবং গোলরক্ষক মাইক মেনিয়ঁ। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে খেলা এই ফুটবলারদের সম্মিলিত মূল্যই ফ্রান্সকে এনে দিয়েছে ইতিহাসের সবচেয়ে দামি একাদশের মর্যাদা।
বিশ্বকাপে শক্তিশালী স্কোয়াড, দুর্দান্ত ফর্ম এবং তারকাসমৃদ্ধ দল নিয়ে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। আর সবচেয়ে মূল্যবান একাদশের এই রেকর্ড সেই দাবিকেই আরও জোরালো করেছে।
বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি শুরুর একাদশ (শীর্ষ ৫)
১. ফ্রান্স (২০২৬, বনাম সেনেগাল) — ৯০ কোটি ৮০ লাখ ইউরো
২. ফ্রান্স (২০১৮, বনাম অস্ট্রেলিয়া) — ৭১ কোটি ইউরো
৩. ব্রাজিল (২০১৮, বনাম সুইজারল্যান্ড) — ৬৫ কোটি ইউরো
৪. ফ্রান্স (২০১৮, বনাম উরুগুয়ে) — ৬৪ কোটি ৮০ লাখ ইউরো
৫. ফ্রান্স (২০১৮, বনাম ক্রোয়েশিয়া) — ৬৪ কোটি ৮০ লাখ ইউরো
সেনেগালের বিপক্ষে ৯০ কোটি ৮০ লাখ ইউরো বাজারমূল্যের একাদশ নামিয়ে নিজেদেরই পুরোনো রেকর্ড ভাঙল দিদিয়ের দেশমের ফ্রান্স।


