গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জয় মাহমুদ ওই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার রাতে কাজ শেষে বাড়ির উদ্দেশে ফিরছিলেন জয় মাহমুদ। তিনি ব্যাংক মাঠ বস্তি এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জয়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজের পাশাপাশি অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


