গাইবান্ধার গোবিন্দগঞ্জে হিন্দু ধর্মীয় নামসংকীর্তন অনুষ্ঠানের এলাকায় ঘুরে বেড়ানো অবস্থায় পাওয়া আড়াই বছর বয়সী এক মুসলিম শিশুকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মানবিকতা, আয়োজক কমিটির সহযোগিতা এবং পুলিশের তৎপরতায় শিশুটি অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরে যায়।
শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার পৌর শহরের আরজী খুলশী ব্রিজপাড়া এলাকায় তিন দিনব্যাপী হিন্দু ধর্মীয় নামসংকীর্তন অনুষ্ঠানের শেষ দিনে ছোট্ট শিশুটিকে একা ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা তাকে নিজেদের হেফাজতে নেন। পরে তার স্বজনদের খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
শিশুটির নাম মোছা. সানজিদা আক্তার মিথিলা (আড়াই বছর)। সে উপজেলার গোয়ালপাড়া (পারগয়ড়া) গ্রামের বাসিন্দা মতিন মিয়ার মেয়ে। শিশুটির কপালে বিশেষ একটি চিহ্ন থাকায় প্রথমে অনেকেই ধারণা করেছিলেন, সে হয়তো হিন্দু পরিবারের সন্তান। তবে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত স্থানীয়রা অত্যন্ত যত্নসহকারে তার দেখভাল করেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নামসংকীর্তন অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্য লিখন সরকারের হেফাজতে রাখে। একই সঙ্গে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির পরিচয় জানার চেষ্টা চালানো হয়।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ছবি দেখে তার পরিবার গোবিন্দগঞ্জ থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ শিশুটিকে নিরাপদে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, শিশুটির মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য দেখে পরিবার থানায় যোগাযোগ করে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে এক অসহায় শিশুকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার এই ঘটনা সম্প্রীতি, মানবিকতা ও পারস্পরিক সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


