ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তাদের প্রতিদ্বন্দ্বিতা ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছে। তবে এবার বিশ্বকাপের মঞ্চে তারা গড়েছেন এক অনন্য রেকর্ড, যেখানে একই কাতারে থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।
বিশ্বকাপ ইতিহাসে কোনো ফুটবলারের প্রথম ও সর্বশেষ গোলের মধ্যে সবচেয়ে দীর্ঘ সময়ের ব্যবধানের রেকর্ড এখন যৌথভাবে ধরে রেখেছেন মেসি ও রোনালদো। দুজনের ক্ষেত্রেই এই ব্যবধান ২০ বছর ১১ দিন।মেসি বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন ২০০৬ সালের ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে। এরপর দুই দশক পেরিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে তিনি স্পর্শ করেন নতুন এক মাইলফলক। তার প্রথম ও সর্বশেষ বিশ্বকাপ গোলের মধ্যকার সময়ের ব্যবধান দাঁড়িয়েছে ২০ বছর ১১ দিন, যা বিশ্ব ফুটবলের ইতিহাসে এক বিরল কীর্তি।
অন্যদিকে, রোনালদোও ২০০৬ সালের ১৭ জুন ইরানের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন। সম্প্রতি উজবেকিস্তানের বিপক্ষে গোল করে তিনিও একই রেকর্ডের অংশ হয়ে যান।তবে মেসির এই অর্জনকে আরও বিশেষ করে তুলেছে তার অবিশ্বাস্য ধারাবাহিকতা। কৈশোরে বিশ্বকাপের মঞ্চে গোল করার পর ৩৮ বছর বয়সেও প্রতিপক্ষের জালে বল জড়িয়ে তিনি দেখিয়ে দিয়েছেন, সময়ের সঙ্গে তার শ্রেষ্ঠত্বের ধার একটুও কমেনি।
শুধু এই রেকর্ডই নয়, বিশ্বকাপে নিজ দেশের হয়ে সবচেয়ে কম বয়সে এবং সবচেয়ে বেশি বয়সে গোল করার বিরল কৃতিত্বের তালিকাতেও নাম লিখিয়েছেন মেসি। এর আগে এই অনন্য অর্জনের তালিকায় একমাত্র ছিলেন ডেনমার্কের কিংবদন্তি মাইকেল লাউড্রপ। এখন সেই সম্মানজনক তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি ও রোনালদো।আর্জেন্টিনার হয়ে মেসি প্রথম বিশ্বকাপ গোল করেছিলেন ১৮ বছর ৩৫৭ দিন বয়সে। আর অস্ট্রিয়ার বিপক্ষে তার সর্বশেষ গোলের সময় বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। অর্থাৎ টানা দুই দশক ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তিনি।
একসময় মাঠের লড়াইয়ে মুখোমুখি থাকা মেসি ও রোনালদো এখন রেকর্ডের পাতায় পাশাপাশি অবস্থান করছেন। তবে বিশ্বকাপের ইতিহাসে দীর্ঘ সময় ধরে ধারাবাহিক সাফল্য, অসাধারণ পারফরম্যান্স এবং একের পর এক রেকর্ড গড়ে মেসি আবারও প্রমাণ করলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়।
বিশ্বকাপের মঞ্চে তার এই নতুন কীর্তি নিঃসন্দেহে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।


