পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও উত্তেজনা ছড়িয়েছে। পাকিস্তানের দাবি, আফগানিস্তান থেকে সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করার পর দেশটির তালেবান নিয়ন্ত্রিত বাহিনী পাকিস্তানি সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে মর্টারসহ ভারী অস্ত্রের গোলাবর্ষণ করেছে। জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান সীমান্ত অবস্থান ও মর্টার স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।
বুধবার পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে দেশটির সংবাদমাধ্যম ডন জানায়, তোরখাম সীমান্ত ও কোহাটের কাছে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তের কাছে এবং চারটি কোহাট এলাকায় ভূপাতিত করা হয়।
পাকিস্তানি কর্মকর্তাদের দাবি, আফগানিস্তানের পাকতিয়া ও নানগারহার সীমান্তবর্তী এলাকা থেকে জঙ্গিরা পাকিস্তানে প্রবেশের চেষ্টা করেছিল। সেই চেষ্টা ব্যর্থ করার পরই আফগান বাহিনী সীমান্ত ফাঁড়িতে হামলা চালায়। তবে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আফগান বাহিনীর হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
এর আগে সোমবার আফগানিস্তানের দুই প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় ২৮ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। তবে আফগান কর্তৃপক্ষের দাবি, ওই হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত ও চারজন আহত হয়েছেন। জাতিসংঘও বেসামরিক হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন করে সীমান্ত সংঘাতের ঘটনায় কাবুল-ইসলামাবাদের উত্তেজনা আরও বেড়েছে। চীন, তুরস্ক, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি ফেরানোর প্রচেষ্টাও এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।


