মাত্র ৫০০ টাকা ঘরভাড়া পরিশোধ করতে নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে রেহানা খাতুন নামে এক অসহায় মাকে। ঘর হারিয়ে দুই সন্তানকে নিয়ে এখন রেললাইনের পাশে বাঁশের তৈরি অস্থায়ী কাঠামোর নিচে দিন কাটাচ্ছেন তিনি।
বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর এলাকায় ঘটেছে হৃদয়বিদারক এ ঘটনা। অভাবের কারণে নিয়মিত ভাড়া দিতে না পারায় একপর্যায়ে ঘর ছাড়তে বাধ্য হন রেহানা। এরপর সন্তানদের নিয়ে আশ্রয় নেন খুলনা-মোংলা রেললাইনের পাশে।
স্থানীয় কয়েকজনের সহযোগিতায় সেখানে বাঁশ দিয়ে একটি ঘরের কাঠামো তৈরি করা হলেও অর্থের অভাবে এখনো টিনের ছাউনি ও বেড়া দেওয়া সম্ভব হয়নি। ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই দুই সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছেন তিনি।
স্থানীয়রা জানান, বকেয়া ৫০০ টাকা ভাড়া পরিশোধের জন্য রেহানা নিজের চুল বিক্রি করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক মর্মবেদনার সৃষ্টি হয়।
রেহানার সবচেয়ে বড় চিন্তা দুই সন্তানকে নিয়ে। খাবারের অনিশ্চয়তার পাশাপাশি নিরাপদে থাকার জায়গাটুকুও নেই তার। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পরিবারটির জন্য একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করা হোক।
মাত্র ৫০০ টাকার জন্য একজন মাকে নিজের চুল বিক্রি করতে হওয়া এবং দুই সন্তানকে নিয়ে রেললাইনের পাশে আশ্রয় নেওয়ার ঘটনা যেন দারিদ্র্যের এক নির্মম বাস্তবতাকেই সামনে এনেছে।


