ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রতি দৃঢ় সমর্থনের বার্তা দিয়েছেন। ট্রাম্প বলেন, মোদীর নেতৃত্বে ভারত যদি কখনও কোনো আক্রমণের শিকার হয়, তাহলে যুক্তরাষ্ট্র সাহায্যের জন্য প্রস্তুত থাকবে।
বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “যদি ভারত আক্রান্ত হয়, আমরা তাদের সাহায্য করতে সেখানে থাকব। যদি কেউ এই মানুষটিকে (মোদীকে) আক্রমণ করে, আমরা পাশে থাকব।” একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই প্রতিশ্রুতি বর্তমান নেতৃত্বের প্রেক্ষাপটে দেওয়া হয়েছে। ট্রাম্প এদিন প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করে তাকে বিশ্বের অন্যতম কঠিন ও দক্ষ আলোচক (টাফ নেগোশিয়েটর) হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মোদীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।
দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য, পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি, সামুদ্রিক নিরাপত্তা এবং চলমান বাণিজ্য চুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ট্রাম্প জানান, ভারত ও যুক্তরাষ্ট্র একটি নতুন বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং ভবিষ্যতে তিনি ভারত সফরেও আগ্রহী। অন্যদিকে মোদী বৈঠকে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের কারণে ভারতীয় নাবিকদের প্রাণহানির বিষয়টি তুলে ধরেন এবং সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ নৌপথগুলো নিরাপদ রাখার আহ্বান জানান।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য শুধু ব্যক্তিগতভাবে মোদীর প্রতি সমর্থনের প্রকাশ নয়; বরং ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারিত্ব ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করার একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।


