জেদ্দায় মিসাইল আতঙ্ক ও সতর্কতামূলক অ্যালার্মে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোরে সৌদি আরবের জেদ্দায় এ ঘটনা ঘটে। বুধবার নিহতের স্বজনরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সৌরভ ইসলাম নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে। প্রায় পাঁচ বছর ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। জেদ্দায় আলসাইম কোম্পানির মাধ্যমে একটি ব্যাংকে টি-বয় হিসেবে কাজ করতেন তিনি।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার ভোরে সৌরভ তাঁর বাসার ছাদে অবস্থান করছিলেন। এ সময় মিসাইল আতঙ্কের মধ্যে মোবাইলে সতর্কতামূলক অ্যালার্ম বেজে ওঠে। আতঙ্কিত হয়ে দ্রুত নিচে নামার সময় তাঁর পায়ে একটি রশি পেঁচিয়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে সিঁড়িতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
পরে সকালে সহকর্মীরা তাঁকে সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সৌরভের বাবা-মা জানিয়েছেন, তিনি ছিলেন তাঁদের একমাত্র ছেলে। আকস্মিক এই মৃত্যুতে পরিবারটি গভীর শোক ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ছেলের মরদেহ দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে শেষবারের মতো মুখ দেখা এবং নিজ হাতে দাফন করার সুযোগ করে দিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তাঁরা।
সৌরভের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নরসিংদীর রায়পুরার মুছাপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক।


