নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগরকান্দি গ্রামে বাড়িতে ঢুকে গুলি করে মোমেন মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রোববার সকালে সংঘটিত এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নিহত মোমেন মিয়া সওদাগরকান্দি গ্রামের মৃত ধন মিয়ার ছেলে। আহতরা হলেন মোবারক (৬৫), নাজমুল হোসেন (৩০) ও রুহুল আমিন (৩৭)। তাদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্বজনদের অভিযোগ, রোববার সকালে প্রতিপক্ষের একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মোমেন মিয়ার বাড়িতে হামলা চালায়। এ সময় তার মাথা ও পায়ে গুলি করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিনিতা জানান, রক্তাক্ত অবস্থায় মোমেন মিয়াকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের সংঘর্ষে মোমেন মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


