মুগদা মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রারের মৃত্যু, চিকিৎসক মহলে শোক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আঁচল রায়।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
হাসপাতালে চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও তাঁর শারীরিক অবস্থার অবনতি ঠেকানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত আইসিইউতেই মৃত্যুর কাছে হার মানেন এই চিকিৎসক।
ডা. আঁচল রায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী চিকিৎসক, ৪২তম বিসিএসের সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।
সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। একজন চিকিৎসকের এমন আকস্মিক মৃত্যুতে চিকিৎসক মহলে নেমে এসেছে বিষাদের ছায়া।
ডেঙ্গুর প্রকোপের মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে একজন চিকিৎসকের মৃত্যু নতুন করে স্বাস্থ্যঝুঁকি ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগও সামনে এনেছে।


