লিওনেল মেসির সঙ্গে একই দলে খেলার স্বপ্ন পূরণ করতেই ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো। আর্জেন্টাইন অধিনায়ককে তিনি আখ্যা দিয়েছেন ‘ফুটবলের দেবতা’ হিসেবে এবং জানিয়েছেন, মেসিকে আরও শিরোপা জিততে সাহায্য করাই তার লক্ষ্য।
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে ২০২৭ সাল পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার। ক্লাবে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলনে ক্যাসেমিরো বলেন, “আমি ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারের সঙ্গে খেলতে এসেছি। তাকে জিততে সাহায্য করতে চাই, কারণ সে জন্মগত বিজয়ী।”
তিনি জানান, ইতালিসহ ইউরোপের কয়েকটি ক্লাবের প্রস্তাব থাকলেও নিজের ইচ্ছাতেই মায়ামিকে বেছে নিয়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে এল ক্লাসিকোতে বহুবার মেসির বিপক্ষে খেলেছেন উল্লেখ করে ক্যাসেমিরো বলেন, “মেসি আমাকে অনেক ভুগিয়েছে। তখন থেকেই তার সঙ্গে একই দলে খেলার ইচ্ছা ছিল। এখন তার সতীর্থ হতে পেরে আমি খুবই আনন্দিত।”
ইতোমধ্যে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়েছে ক্যাসেমিরোর। বিশ্বকাপ শেষে অনুশীলনে ফিরেছেন মেসিও। ফলে খুব শিগগিরই প্রথমবারের মতো একই একাদশে দেখা যেতে পারে সাবেক দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে।


