রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। তবে আটক ব্যক্তিরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন বলে দাবি করেছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার এলাকায় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।
আটক ব্যক্তিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. ফারদিন এহমান হৃদয় (২৪) ও মোহাম্মদ ইয়াসিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন (২৩) এবং পটুয়াখালীর সাইফুল ইসলাম (২৭)।
পুলিশের ভাষ্য, শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাজেকের উদ্দেশে যাওয়ার সময় পর্যটকদের বহনকারী গাড়িটি বাঘাইহাট বাজার অতিক্রম করছিল। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’- এ ধরনের স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পরে দুপুর ১টার দিকে পুলিশ তাদের পথরোধ করে আটক করে থানায় নিয়ে যায়।
ওসি তোফাজ্জল হোসেন জানান, জিজ্ঞাসাবাদে আটকরা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে পুলিশকে জানিয়েছেন।
পুলিশ বলছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক ছয়জনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


