সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমাকৃত অর্থের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে ব্যক্তি ও বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সুইস ব্যাংকে রাখা বাংলাদেশি অর্থের পরিমাণ ৪১ শতাংশ বেড়ে ৮৩৪.২ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকা। এটি দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান।
এসএনবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ ছিল ৫৯০ মিলিয়ন সুইস ফ্রাঁ। এক বছরের ব্যবধানে সেই অঙ্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে গত চার বছরের মধ্যে এটিই সর্বোচ্চ আমানতের রেকর্ড। এর আগে ২০২১ সালে বাংলাদেশিদের সুইস ব্যাংকে জমাকৃত অর্থ সর্বকালের সর্বোচ্চ ৮৭১.১ মিলিয়ন সুইস ফ্রাঁতে পৌঁছেছিল। এরপর কয়েক বছর নিম্নমুখী প্রবণতা দেখা গেলেও ২০২৫ সালে আবারও আমানতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিশ্লেষকদের মতে, সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের এই বৃদ্ধি দেশের আর্থিক লেনদেন, বৈদেশিক সম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে। তবে সুইস ব্যাংকে থাকা সব অর্থই যে অবৈধ বা পাচারকৃত, এমন নয়; এর মধ্যে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং ব্যাংকের আমানতও অন্তর্ভুক্ত থাকে।
সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত এই পরিসংখ্যান দেশের আর্থিক খাত এবং বৈদেশিক সম্পদ প্রবাহ নিয়ে নতুন করে নজর কাড়ছে।


