পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি থানার সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত এবং আরও ২২ জন আহত হয়েছেন। রোববার (২ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তান সীমান্তসংলগ্ন কাবাল শহরের থানার প্রধান প্রবেশদ্বারে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ সূত্র জানায়, হামলাকারী বিস্ফোরকভর্তি জ্যাকেট পরে থানায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে তল্লাশির জন্য থামতে বলেন। এ সময় সে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয়। মুহূর্তেই বিকট বিস্ফোরণে থানা এলাকা কেঁপে ওঠে এবং আশপাশে থাকা বহু মানুষ হতাহত হন।
সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা ওমর খান জানান, হামলার সময় থানার পাশেই চলছিল একটি বিক্ষোভ সমাবেশ, যেখানে স্থানীয় বাসিন্দারা এলাকায় ক্রমবর্ধমান সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। সমাবেশ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে এই আত্মঘাতী হামলা চালানো হয়, ফলে হতাহতের সংখ্যা বেড়ে যায়।
সোয়াত পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ফিদা হোসেন বলেন, আহত ২২ জনকে দ্রুত বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


