সাভারের একটি মাদরাসায় সাত বছরের এক শিশুকে প্রায় ছয় মাস ধরে দফায় দফায় যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর বিরুদ্ধে। নির্যাতনের পর শিশুটি শারীরিক অসুস্থতার পাশাপাশি গুরুতর মানসিক ট্রমায় ভুগছে। রাতে ঘুমের মধ্যেও আতঙ্কে চিৎকার করে উঠে বলে- ‘আমার গলা ছেড়ে দাও।’
ফেব্রুয়ারিতে আরবি শিক্ষার জন্য শিশুটিকে সাভারের শাহীবাগ এলাকার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় ভর্তি করা হয়। এরপর বিভিন্ন সময়ে তাকে নির্যাতনের অভিযোগ ওঠে শিক্ষার্থী রাফি (২০), সায়েম (২২), আবু সাঈদ (১৫), মোহাম্মদ বিন মুক্তার (১৫) ও হাসান বিন মোস্তফা (১৬)-এর বিরুদ্ধে।
এ ছাড়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন (২৯), হাফেজ সাব্বির (২৭), হাফেজ কামরুজ্জামান (২৮), ক্বারী রফিকুল ইসলাম (৫৬) ও জিয়া ইবনে কাসেম (৪৮)-এর বিরুদ্ধেও শিশুটিকে নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতনে শিশুটির শারীরিক ক্ষত হয়েছে এবং সে তীব্র মানসিক আতঙ্কে রয়েছে। চিকিৎসা প্রয়োজন হলেও সীমিত আয়ের কারণে ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন তার বাবা।
এ ঘটনায় গত ২৬ আগস্ট মামলা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, মামলার পর থেকে অভিযুক্তরা পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।
শিশুটির পরিবারের দাবি, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার পাশাপাশি শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক।


