যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। মার্কিন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ট্রাম্প প্রশাসনের উদ্যোগে তাদের বিশেষ ফ্লাইটে বাংলাদেশে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে ‘ওমনি এয়ার’-এর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, দেশে ফিরে আসা এসব বাংলাদেশি ২০১৪ সালের বিভিন্ন সময়ে উন্নত জীবনের আশায় ওয়ার্ক পারমিট ভিসায় বাংলাদেশ ত্যাগ করেছিলেন। প্রাথমিকভাবে তারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যান। পরবর্তীতে দুবাই, কাতার, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও পেরুসহ বিভিন্ন দেশে অবস্থান করে ধাপে ধাপে সীমান্ত অতিক্রমের মাধ্যমে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর তারা বৈধ অভিবাসন-সংক্রান্ত শর্ত পূরণে ব্যর্থ হন। এ কারণে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দেশে ফিরে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের প্রয়োজনীয় ইমিগ্রেশন যাচাই-বাছাই ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক প্রত্যেক ডিপোর্টি নাগরিককে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে। পাশাপাশি তাদের জন্য হালকা খাবারেরও ব্যবস্থা করা হয়।
সব ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে তারা বিমানবন্দর ত্যাগ করেন।


