জাতীয় দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা ও মারধরের ঘটনায় মোহাম্মদ সোহেল নামে পুলিশের এক সোর্সকে আটক করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। শনিবার (১৩ জুন) সিএমপির কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এ তথ্য জানান।
ঘটনার তদন্তে একজন উপকমিশনারের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে এ ঘটনায় খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম ও কনস্টেবল রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়।
অভিযোগ অনুযায়ী, বিমানবন্দর থেকে ফেরার পথে লালখান বাজার এলাকায় নাঈমের সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে তাকে মারধর করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় সোহেলসহ তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


