যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)কে ‘উন্মাদদের দ্বারা পরিচালিত একটি বোকা সংস্থা’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় এবং মার্কিন নাগরিকদের ওপর আদালতের কোনো বিচারিক ক্ষমতা মেনে নেবে না।
ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ান বৈঠকের ফাঁকে সাংবাদিকদের রুবিও বলেন, যুক্তরাষ্ট্র কখনোই আইসিসির প্রতিষ্ঠার মূল চুক্তি রোম সংবিধি-তে স্বাক্ষর করেনি। তাই মার্কিন সেনাসদস্য, কর্মকর্তা বা বর্তমান-ভবিষ্যতের প্রেসিডেন্টের বিরুদ্ধে আইসিসির তদন্ত বা বিচার গ্রহণযোগ্য নয়।
রুবিওর এই মন্তব্যের কয়েক দিন আগেই মার্কিন পররাষ্ট্র দপ্তর আইসিসিকে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য ‘হুমকি’ আখ্যা দিয়ে আদালতের কার্যক্রম সীমিত করতে নতুন উদ্যোগের ঘোষণা দেয়। এর অংশ হিসেবে আইসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞাসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।
মার্কিন প্রশাসনের এই অবস্থান আইসিসির বিচারিক ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও আদালতের দীর্ঘদিনের বিরোধকে আরও তীব্র করেছে।


