সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী উগ্রবাদ-সংশ্লিষ্ট পোস্ট ছড়ানোর দায়ে সিঙ্গাপুরে কর্মরত দুই বাংলাদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সিঙ্গাপুরের কঠোর নিরাপত্তা নীতির অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, নিয়মিত নিরাপত্তা নজরদারির অংশ হিসেবে দেশটির আইনশৃঙ্খলা ও অভিবাসন কর্তৃপক্ষ ওই দুই বাংলাদেশির সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করে। তদন্তে তাদের অ্যাকাউন্টে এমন কিছু পোস্ট ও কার্যক্রমের সন্ধান পাওয়া যায়, যেগুলো ইসলামী উগ্রবাদী অপমতাদর্শকে সমর্থন, প্রচার কিংবা উৎসাহিত করার সঙ্গে সংশ্লিষ্ট বলে কর্তৃপক্ষের সন্দেহ হয়।
এর পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তদন্ত শেষে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল করা হয় এবং সিঙ্গাপুরের প্রচলিত আইন অনুযায়ী তাদের দেশে ফেরত পাঠানো হয়।
সিঙ্গাপুর দীর্ঘদিন ধরেই জাতীয় নিরাপত্তার প্রশ্নে অত্যন্ত কঠোর অবস্থান বজায় রেখে আসছে। দেশটির আইন অনুযায়ী, উগ্রবাদ, সহিংসতা কিংবা সন্ত্রাসবাদকে সমর্থন বা উৎসাহিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্ট বা অনলাইন কার্যক্রমও নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচিত হলে প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হয়।
এদিকে, দেশে ফেরার পর দুই বাংলাদেশির বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের ধারণা। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


