রাজধানীর উত্তরায় একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে লি শিংচিয়াং (২৫) নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অতিরিক্ত মদ্যপানের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের বেঙ্গল হোটেল অ্যান্ড হসপিটালিটি লিমিটেডের ৯০৫ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, একই হোটেলের আরও দুটি কক্ষে তিনজন চীনা নাগরিক অবস্থান করছিলেন। তারা লি শিংচিয়াংয়ের কক্ষে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানানো হলে তারা পুলিশে খবর দেয়। পরে উত্তরা পশ্চিম থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, প্রাথমিকভাবে অতিরিক্ত মদ্যপানের কারণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট হোটেলে মদ বিক্রি বা সেবনের অনুমোদন নেই। এ ঘটনায় হোটেল কর্তৃপক্ষের কোনো গাফিলতি বা অনুমোদনহীনভাবে মদ সেবনের বিষয় ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।


