খুলনার দৌলতপুরে জলিল মুন্সি (৪৫) নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ৮টার দিকে যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, মাদকের অর্থ লেনদেন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে। তিনি পাটশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
শনিবার সকালে জলিল মুন্সি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা তিন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাম পাশে গুলি লাগে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের দাবি, পূর্বপরিচিত ‘পিচ্চি রাসেল’ নামে এক সন্ত্রাসী হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মাদকের অর্থ লেনদেন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত তিনজনের মধ্যে একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহত জলিল মুন্সির নামে একটি মাদক মামলা রয়েছে বলেও জানান তিনি।


