চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চাঁদার টাকা না পেয়ে একটি নির্মাণাধীন বহুতল ভবনের সামনে ফাঁকা গুলি ছোড়া এবং শ্রমিকদের ওপর হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দিনের আলোয় সংঘটিত এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, দীর্ঘদিন ধরে চাঁদাবাজদের হুমকির মুখে ছিলেন তিনি। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, প্রায় দেড় মাস আগে একটি অপরিচিত নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর থেকেই তিনি আতঙ্কের মধ্যে ছিলেন।
তার অভিযোগ, রবিবার সকালে একটি সিএনজি অটোরিকশাযোগে ৮ থেকে ৯ জন মুখোশধারী যুবক নির্মাণাধীন ভবনের সামনে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় তারা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং এক শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর নির্মাণকাজ বন্ধ হয়ে যায় এবং শ্রমিকদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারাও এমন প্রকাশ্য হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী জসিম উদ্দিন জানান, তিনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারা মনে করছেন, এসব ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। ব্যবসায়ী ও বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।


