কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লিলি বেগম (৬০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া ও তাঁর স্ত্রী লিমা বেগমের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া গাইনহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির উঠানে ঝাড়ু দেওয়ার সময় প্রতিবেশীর এক শিশুর সাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী বাঁশ ও ইট দিয়ে লিলি বেগমকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে সৌরভী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মাকে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা এখন সম্পূর্ণ অসহায়। আমি এই হত্যার বিচার এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি চাই।”
ঘটনার পর অভিযুক্তরা বাড়িতে তালা লাগিয়ে পালিয়ে গেছে। শনিবার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ভৈরব থানার ওসি লিমন বোস জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।


