কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুলিশের পরিচয় দিয়ে একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতরা ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৮ লাখ ৪০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন এবং সিসিটিভির হার্ডডিস্ক লুট করে নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের।
রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার আব্দুল হামিদ সিকদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রেজাউল করিম জানান, সাদা রঙের একটি নোহা গাড়িতে আসা সিভিল পোশাক পরিহিত ছয় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করেন। পরে তাকে ও তার সঙ্গে থাকা অন্যদের জিম্মি করে বাড়িতে প্রবেশ করে পরিবারের নারী-শিশুসহ সবাইকে অস্ত্রের মুখে আটকে রাখে।
অভিযোগ অনুযায়ী, ডাকাতরা আলমারি ভেঙে প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার ও ৮ লাখ ৪০ হাজার টাকা লুট করে। এ সময় বাধা দিলে রেজাউল করিমকে মারধর করা হয়। পালিয়ে যাওয়ার আগে ডাকাতরা সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যায় এবং পরিবারের সদস্যদের ঘরের ভেতরে আটকে রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।


