রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলের শাপলা চত্বরসংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচে পেট্রোল বোমা সদৃশ বস্তু পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) রাত ৮টার আগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক পথচারী মেট্রো স্টেশনের নিচে একটি ছাতা পড়ে থাকতে দেখে আনসার সদস্যদের জানান। পরে সেখানে গিয়ে তারা অস্বাভাবিক আলো দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে বস্তুটি পরীক্ষা করে নিষ্ক্রিয় করে এবং ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। মূলত হিন্দু সম্প্রদায়ের রথটানা অনুষ্ঠানে হামলার পরিকল্পনা ছিল।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে সড়কের একপাশ দিয়ে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে মেট্রো স্টেশনও কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখছে।


