দেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সহিংসতা ও নির্যাতন নিয়ে আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির দাবি, চলতি বছরের প্রথম ছয় মাসে সংখ্যালঘুদের হত্যাকাণ্ডের মাসিক গড় গত বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কিছু ক্ষেত্রে হামলার সংখ্যা কমলেও সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা এখনো কাটেনি। ন্যায়বিচারের অভাব এবং অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে মনে করছে সংগঠনটি।
সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সংখ্যালঘুদের ওপর সংঘটিত বিভিন্ন ধরনের হামলা, হত্যা, নির্যাতন, জমি দখল, উপাসনালয়ে হামলা ও অন্যান্য সহিংস ঘটনার পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনিন্দ্র কুমার নাথ লিখিত বক্তব্যে জানান, ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৪০টি পৃথক হত্যাকাণ্ডে ৪৪ জন ধর্মীয় সংখ্যালঘু নিহত হয়েছেন। সে হিসাবে মাসিক গড় দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৩ জন, যা ২০২৫ সালের মাসিক গড়ের তুলনায় প্রায় ৩৩ শতাংশ বেশি। একই সময়ে জমি দখল ও দখলচেষ্টার ঘটনাও উল্লেখযোগ্য হারে বেড়েছে।
যদিও নারী নির্যাতন, ধর্ষণ, উপাসনালয়ে হামলা, প্রতিমা ভাঙচুর এবং বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার মাসিক গড় কিছুটা কমেছে, তবুও সংগঠনটির ভাষ্য-সংখ্যা কমে যাওয়াই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রমাণ নয়। বরং বহু ঘটনায় ভুক্তভোগীরা বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং অপরাধীরা আইনের আওতার বাইরে থেকে যাওয়ায় সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে ভয় ও অনিশ্চয়তা আরও গভীর হচ্ছে।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিকের জীবন, সম্পদ কিংবা উপাসনার অধিকার হুমকির মুখে থাকা উচিত নয়। কিন্তু বাস্তবে সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ এখনও নিজেদের নিরাপদ মনে করতে পারছেন না। এমন পরিস্থিতি সামাজিক সম্প্রীতি ও সাম্প্রদায়িক সহাবস্থানের জন্যও বড় হুমকি বলে তারা মন্তব্য করেন।
ঐক্য পরিষদ সরকারের প্রতি সংখ্যালঘুদের জীবন, সম্পদ, উপাসনালয় ও সাংবিধানিক অধিকার রক্ষায় আরও কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে প্রতিটি হামলার নিরপেক্ষ তদন্ত, দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা অভিযোগ করেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম পর্যাপ্ত নয় এবং এ বিষয়ে আরও সক্রিয় ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তবে সরকারের পক্ষ থেকে এ অভিযোগের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের অন্যতম সভাপতি নির্মল রোজারিও, প্রেসিডিয়াম সদস্য কাজল দেবনাথ, রঞ্জন কর্মকার, সুনন্দ প্রিয় ভিক্ষুসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।


