চট্টগ্রাম নগরীতে এক তরুণীকে কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে ধারাবাহিকভাবে যৌন নির্যাতনের অভিযোগে তার বান্ধবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শারমিন আক্তার (২০) কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। তিনি চাকরির সুবাদে নগরীর চান্দগাঁও থানার বরিশাল বাজার এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী ও অভিযুক্ত একই পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং একই বাসায় থাকতেন। ভুক্তভোগী বিবাহিত হলেও তার স্বামী গ্রামের বাড়িতে থাকেন। এ সুযোগে অভিযুক্ত দীর্ঘদিন ধরে তাকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, অভিযুক্ত অনলাইনে একাধিক কৃত্রিম পুরুষাঙ্গ সংগ্রহ করে সেগুলো বেল্টের মাধ্যমে ব্যবহার করতেন। প্রায় দেড় মাস আগে এক রাতে জোরপূর্বক কৃত্রিম পুরুষাঙ্গ ব্যবহার করে ভুক্তভোগীকে ধর্ষণ করেন এবং ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রায় প্রতিদিনই তাকে যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করা হয়।
ধারাবাহিক এই নির্যাতনের ফলে তরুণী শারীরিক ও মানসিকভাবে গুরুতরভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। সর্বশেষ সোমবার সন্ধ্যায় পুনরায় নির্যাতনের শিকার হওয়ার পর তিনি বিষয়টি তার বাবাকে জানান। পরে রাত সাড়ে ১২টার দিকে ভুক্তভোগীর বাবা চান্দগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত শারমিনকে গ্রেপ্তার করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্তের স্বার্থে ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


