বানোয়াট মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ‘শাপলা চত্বর’ মামলায় সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পর মামলাটিকে ‘সম্পূর্ণ অচল ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন তাঁর ছোট ভাই ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।
বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ট্রাইব্যুনালের আদেশের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, তাঁর ভাইকে অন্যায়ভাবে একটি রাজনৈতিক উদ্দেশ্য সামনে রেখে মামলার আসামি করা হয়েছে।
তিনি বলেন, “নিষ্কলুষ মানুষটিকে অন্যায়ভাবে একটি উদ্দেশ্য নিয়ে আসামি করা হয়েছে। আমি শুধু এর প্রতিবাদ জানাতেই এখানে এসেছি।”
মামলার অভিযোগ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “এই অভিযোগ সম্পূর্ণ অচল ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি নিজেই বুঝতে পারলাম না তাঁর বিরুদ্ধে অভিযোগের ভিত্তি কী। শাপলা চত্বরের ঘটনার পরিকল্পনাকারী বলা হলেও তিনি তখন কোনো কিচেন ক্যাবিনেটের সদস্য ছিলেন না। তিনি পাটমন্ত্রী ছিলেন, পাট মন্ত্রণালয়ের সঙ্গে এমন ঘটনার কোনো সম্পর্কই নেই।”
নিজের বক্তব্যে তিনি আরও বলেন, “যদি এমন কোনো অপরাধের দায়ে, যা তিনি করেননি, তাঁর ফাঁসি হয়, তাহলে আমরা সেটিও সাদরে গ্রহণ করব। কারণ তখন আল্লাহ তাআলা তাঁকে মুক্তি দেবেন।”
লতিফ সিদ্দিকীকে হাতকড়া পরিয়ে কারাগারে নেওয়ার বিষয়েও প্রতিক্রিয়া জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, ডিবি কার্যালয়ে তাঁর ভাইয়ের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণ ভালো ছিল, তবে ট্রাইব্যুনালে পরিস্থিতি ছিল ভিন্ন।


