ভারতের ‘অপারেশন সিঁদুর’ নিয়ে পাকিস্তানের সরকারি বয়ানকে প্রকাশ্যেই প্রশ্নবিদ্ধ করেছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নোরিন নিয়াজি। তার দাবি, অভিযানে ভারত উল্লেখযোগ্য সামরিক সাফল্য অর্জন করলেও পাকিস্তানের সেনাবাহিনী সেই বাস্তবতা গোপন করে দেশের জনগণের সামনে একটি ‘কৃত্রিম বিজয়ের গল্প’ দাঁড় করিয়েছে।
একটি ইউটিউব সাক্ষাৎকারে নোরিন নিয়াজি বলেন, ভারত-পাকিস্তানের চার দিনের সংঘাত নিয়ে পাকিস্তানের সামরিক নেতৃত্ব যে বিজয়ের প্রচারণা চালিয়েছে, বাস্তব চিত্র তার সঙ্গে মেলে না। তার ভাষ্য, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি সফল সামরিক অভিযান, আর নিজেদের ব্যর্থতা ও ক্ষয়ক্ষতি আড়াল করতেই পাকিস্তানের সামরিক বাহিনী বিজয়ের বয়ান তৈরি করেছে।
তার এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। সংস্থাটি তাকে তলব করে অভিযোগ করেছে, তিনি সামাজিক মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সামরিক বাহিনীর বিরুদ্ধে ‘মিথ্যা, আপত্তিকর ও উসকানিমূলক’ তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। ভারতের দাবি, অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। বিপরীতে পাকিস্তান ভারতের দাবি অস্বীকার করে পাল্টা অভিযান ‘মারকা-ই-হক’ পরিচালনার কথা জানায় এবং নিজেদের সফলতার দাবি তোলে।
সাক্ষাৎকারে নোরিন নিয়াজি আরও দাবি করেন, সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন, যাতে পাকিস্তান পরিস্থিতি থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসতে পারে। এছাড়া তিনি আব্রাহাম অ্যাকর্ডস ও ইসরায়েলকে ঘিরেও একাধিক রাজনৈতিক দাবি তুলেছেন, যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
নোরিন নিয়াজির বক্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) তার মন্তব্যকে ‘জাতীয় স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।


