গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবাসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানে দলের এক দায়িত্বশীল নেতার গ্রেপ্তার হওয়ায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের মান নিয়ে প্রশ্ন বরাবরের মতো উঠেছে।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকায় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জোবেদা ফিলিং স্টেশনের ক্যাশ কাউন্টারের পাশের ফাঁকা স্থানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মিয়া ওরফে শাকিল খান (২৬)।
পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. নওশের আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। আদালতের মাধ্যমে শাকিলকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাকিল উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা (হাজীপাড়া) গ্রামের মো. নূর মোহাম্মদ আলীর ছেলে এবং এনসিপির উপজেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
ঘটনার পর এনসিপির উপজেলা সদস্যসচিব মো. আশানুর রহমান বলেন, মাদক কারবারির কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অভিযোগ ওঠার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার হবে।


