৩০০ ফিট সড়কে ট্রাফিক আইন ভঙ্গের পর সরকারি কাজে বাধা ও অসদাচরণের অভিযোগ
রাজধানীর পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) উল্টো পথে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর অভিযোগে এক নারী বাইকার ও তার স্বামীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন মোসা. স্বপ্না (২৭), যিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লেডি বাইকার’ নামে পরিচিত, এবং তার স্বামী মাহফুজুর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের একটি পয়েন্ট দিয়ে ওই দম্পতি মোটরসাইকেলে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় দায়িত্ব পালনরত ট্রাফিক সার্জেন্ট সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে তাদের থামার সংকেত দেন।
মোটরসাইকেল থামানোর পর সার্জেন্ট উল্টো পথে চলাচলের কারণ জানতে চান এবং ট্রাফিক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেন। তখনই দুই আরোহী সার্জেন্টের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নারী আরোহীকে কর্তব্যরত সার্জেন্টের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা যায়। একপর্যায়ে তিনি উত্তেজিত হয়ে সার্জেন্টের দিকে তেড়ে যাওয়ার মতো আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।
পরে সরকারি কাজে বাধা প্রদান, দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণ ও হেনস্তার অভিযোগে তাদের আটক করা হয়। এরপর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড দেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে শালীন আচরণ নিশ্চিত করতে ডিএমপি নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে।
ডিএমপি আরও জানিয়েছে, ট্রাফিক আইন অমান্য, সরকারি কাজে বাধা কিংবা দায়িত্ব পালনরত পুলিশ সদস্যের সঙ্গে অসদাচরণের মতো ঘটনায় অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।


