একসময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। সেই অবস্থানের কারণে কষ্টও ভোগ করেছেন। কিন্তু হাসিনা-পরবর্তী সময়ে দেশের সাধারণ মানুষের তীব্র দুর্ভোগ ও কষ্ট দেখে নিজের রাজনৈতিক অবস্থান বদলে যাওয়ার কথা জানালেন মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট মহসিন রসিদ।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “আমি একসময় হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, এমনকি এর জন্য কষ্টও ভোগ করেছি। কিন্তু হাসিনা-পরবর্তী সময়ে আমাদের সাধারণ মানুষের তীব্র দুর্ভোগ ও কষ্ট দেখে আমার ভেতরের সবকিছু বদলে গেছে।”
শেখ হাসিনার প্রসঙ্গে মহসিন রসিদ আরও বলেন, “আমি বিশ্বাস করি, শেখ হাসিনাও দেশের মানুষের এই গভীর বেদনা অনুভব করেন এবং তাঁর বিবেক সর্বদা জনগণের কষ্টের জন্য তাড়িত হয়।”
‘ফিরলে কোটি মানুষের সঙ্গে স্বাগত জানাব’
নিজের বক্তব্যে আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার দাবি তুলে মহসিন রসিদ বলেন, তিনি তখন কোটি কোটি মানুষের সঙ্গে যোগ দিয়ে শেখ হাসিনাকে স্বাগত জানাবেন।
তিনি বলেন, “আগামী ডিসেম্বরে যখন তিনি ফিরে আসবেন, তখন আমি কোটি কোটি মানুষের সাথে যোগ দিয়ে তাঁকে স্বাগত জানাব এবং তাঁর চারপাশে একটি অদম্য নিরাপত্তার প্রাচীর গড়ে তুলব ইনশাল্লাহ।”
মহসিন রসিদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে অতীতে শেখ হাসিনা সরকারের বিরোধিতায় অবস্থান নেওয়ার কথা স্বীকার করে এখন তাঁর প্রত্যাবর্তনকে স্বাগত জানানোর ঘোষণা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।


