যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে একটি মাদরাসার শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে যশোর শহর। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২৮ জুলাই) সকালে শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকায় অবস্থিত এমপি গোলাম রসুলের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এমপির বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহ-এর কয়েকজন শিশু শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে অনন্যার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে তিনি আবারও মাদরাসার শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে এক অভিভাবকের মাথায় তালা দিয়ে আঘাত করা হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার জেরে ক্ষুব্ধ এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে এমপির বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের একাংশ বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং ইটপাটকেল নিক্ষেপ করে জানালার কাচ ভাঙচুর করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।


