রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ৫৩ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে গুলশান-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ‘হট স্টোন স্পা’ ও ‘ওয়ান সেলুন’ নামের দুটি প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, স্পা ও সেলুনের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, দেহব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে গোপন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন বয়সী ৫৩ নারী-পুরুষকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন নারী ও ২৪ জন পুরুষ রয়েছেন।
ওসি দাউদ হোসেন বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, স্পা সেন্টার দুটিতে কী ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।


