বরগুনার তালতলী উপজেলায় বাঁশ কেনার কথা বলে এক নারীর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. বশির উদ্দিন (৩২) এর বিরুদ্ধে। স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার পর পুলিশে সোপর্দ করেন।
শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের নলবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই নারী বাদী হয়ে রাতে তালতলী থানায় বশিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
বশির বাঁশ কেনার কথা বলে ওই নারীর বাড়িতে যান। বাঁশ কাটার জন্য তিনি একটি দা চান। পরে ওই দা দিয়ে বাঁশ কাটা যাবে না বলে কৌশলে নারীর নাতিকে পাশের বাড়ি থেকে আরেকটি দা আনতে পাঠান। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
নারীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে বশির পালানোর চেষ্টা করেন। স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।


