ফুটবল বিশ্বকাপের ইতিহাসে বিরল এক ঘটনার সাক্ষী হলো বিশ্ব ফুটবল। এক দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচের সবকটিই শেষ হয়েছে ড্রয়ে। ফলে মাঠে নামা আটটি দলের কেউই জয় তুলে নিতে পারেনি। ৬৮ বছর পর বিশ্বকাপে এমন ঘটনা আবারও ফিরে এলো।
দিনের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে চমক দেখায় কেপ ভার্দে। ম্যাচটি গোলশূন্য (০-০) সমতায় শেষ হয়। এরপর সিয়াটলে বেলজিয়াম ও মিসর ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়।
তৃতীয় ম্যাচে সৌদি আরব ও উরুগুয়ের লড়াইও শেষ হয় ১-১ সমতায়। ম্যাচের শেষ দিকে গোল করে উরুগুয়েকে হার এড়ান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো।
দিনের শেষ ম্যাচে দর্শকরা উপভোগ করেন গোলবন্যা। ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার রোমাঞ্চকর লড়াই ২-২ গোলে ড্র হয়। ফলে দিনের চারটি ম্যাচেই কোনো দল জয় পায়নি।
বিশ্বকাপের ইতিহাসে এক দিনে চারটি ম্যাচের সবকটিই ড্র হওয়ার ঘটনা সর্বশেষ দেখা গিয়েছিল ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে। সেই দিন সুইডেন–ওয়েলস ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল, আর যুগোস্লাভিয়া–প্যারাগুয়ে (৩-৩), ইংল্যান্ড–অস্ট্রিয়া (২-২) এবং নর্দান আয়ারল্যান্ড–জার্মানি (২-২) ম্যাচগুলোও সমতায় শেষ হয়েছিল।
বিশ্বকাপ ২০২৬-এর এই ‘ড্রয়ের দিন’ ফুটবলপ্রেমীদের কাছে ইতোমধ্যেই ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। শক্তিশালী ও অপেক্ষাকৃত দুর্বল দলের ব্যবধান যে দিন দিন কমছে, তারই আরেকটি প্রমাণ হয়ে থাকল এই বিরল ঘটনা।


