দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে নারী যাত্রীদের টার্গেট করত সংঘবদ্ধ এই চক্র; প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে যাত্রীবেশে ট্রেনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ নারী চক্রের ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে এই চক্রের সদস্যরা বিভিন্ন আন্তঃনগর ও লোকাল ট্রেনে সাধারণ যাত্রীর ছদ্মবেশে চলাচল করত। সুযোগ বুঝে বিশেষ করে নারী যাত্রীদের গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও অন্যান্য মূল্যবান অলঙ্কার ছিনিয়ে নিয়ে দ্রুত ট্রেন বা স্টেশন এলাকা ত্যাগ করাই ছিল তাদের কৌশল।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- সেলিনা বেগম (৩৫), সাফিয়া বেগম (৩০), সুলেমা বেগম (৬২), আবুনী বেগম (৬৫), শাহানা বেগম (৩৫), লাকি আক্তার (৩০), শাহানা বেগম (৪৫), সাথি আক্তার (২৩), আঁখি আক্তার (২৩), রাহালা বেগম (৫০) এবং সুজনা আক্তার (৩৫)। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে আগে থেকেই নজরদারি চালানো হচ্ছিল। শুক্রবার সকালে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চক্রটির ১১ সদস্যকে আটক করা সম্ভব হয়।
গ্রেপ্তার হওয়া প্রত্যেকের বিরুদ্ধেই দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ট্রেনে ছিনতাইয়ের সঙ্গে জড়িত এবং তাদের বিরুদ্ধে আরও তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে।
মো. শাহ আলম মিয়া বলেন, রেলপথে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি যাত্রীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ভিড়ের মধ্যে অপরিচিত ব্যক্তিদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং কোনো সন্দেহজনক আচরণ চোখে পড়লে দ্রুত রেলওয়ে পুলিশকে জানাতে হবে।
গ্রেপ্তার হওয়া ১১ নারীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ট্রেনে সংঘবদ্ধ ছিনতাই ও চুরির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।


