মায়ামির হার্ড রক স্টেডিয়ামে রুদ্ধশ্বাস কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে আট বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। দলের জয়ের নায়ক জুড বেলিংহাম, যিনি জোড়া গোল করে থ্রি লায়ন্সকে শেষ চারের টিকিট এনে দেন।
ব্রাজিলকে হারিয়ে আত্মবিশ্বাসী নরওয়ে ম্যাচের ৩৬তম মিনিটে শেলদেরুপের গোলে এগিয়ে যায়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে বেলিংহাম সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে নরওয়ের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
অতিরিক্ত সময়ের শুরুতেই মরগান রজার্সের শট নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিলান্ডের হাত ফসকে বেরিয়ে গেলে ফিরতি বলে জয়সূচক গোল করেন বেলিংহাম। শেষ পর্যন্ত সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।
ম্যাচে হ্যারি কেইন ও আর্লিং হালান্ড দুজনই ছিলেন নিষ্প্রভ। কেইনের একটি গোল অফসাইডে বাতিল হয়, আর অতিরিক্ত সময়ের বিরতির আগে বদলি হয়ে মাঠ ছাড়েন হালান্ড।
টানা দ্বিতীয় নকআউট ম্যাচে জোড়া গোল করা বেলিংহামের দুর্দান্ত পারফরম্যান্সে টমাস টুখেলের ইংল্যান্ড এখন শিরোপার স্বপ্ন নিয়ে সেমিফাইনালে। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ড।


