ক্রিস্তিয়ানো রোনালদোর বর্তমান সামর্থ্য নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। তাঁর মতে, সৌদি আরবের লিগে খেলার মতো সক্ষমতা এখনো থাকলেও বিশ্বকাপের মতো সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতায় খেলার সামর্থ্য আর নেই পর্তুগিজ মহাতারকার।
রোনালদো বলেন, “একটা সময় শরীরই বলে দেয় আর এগিয়ে যাওয়া সম্ভব নয়। আমার মনে হয়, ক্রিস্তিয়ানো ও নেইমার দুজনই এখন সেই পর্যায়ে পৌঁছেছে। সৌদি লিগে হয়তো খেলতে পারে, কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় শরীরই।”
ক্রিস্তিয়ানোকে নিয়ে তিনি আরও বলেন, “হয়তো সৌদি আরবের লিগে খেলার মতো মান এখনো তার আছে। কিন্তু বিশ্বকাপ সম্পূর্ণ ভিন্ন একটি মঞ্চ। সেখানে প্রতিযোগিতার তীব্রতা ও মান অনেক বেশি। ফুটবলের প্রতি যতই ভালোবাসা বা আবেগ থাকুক না কেন, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় আপনার শরীরই।”
নিজের উদাহরণ টেনে ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেন, “আমি নিজেও আর খেলি না। কারণ আমার মস্তিষ্ক যেভাবে খেলতে চায়, শরীর সেভাবে সাড়া দিতে পারে না।”
চলমান ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় পর্তুগাল। এবারের আসরে তিনটি গোল করলেও ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো এখনো জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি। তাঁর লক্ষ্য এখনও পেশাদার ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করা।


