একসঙ্গে জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। সেই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে পৌঁছান তারা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় পুরো পরিস্থিতি। প্রেমিক যমুনা নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা আর ঝাঁপ দেননি। বরং নদীর তীরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখার পর শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরি দলের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় যুবককে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঘটে যাওয়া এই ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, প্রেমিক-প্রেমিকা দীর্ঘক্ষণ সেতুর ওপর অবস্থান করছিলেন। তাদের আচরণ দেখে অনেকেরই সন্দেহ হয়েছিল যে তারা কোনো গুরুতর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা হঠাৎ করেই যমুনা নদীতে ঝাঁপ দেন।
তবে প্রেমিকের সঙ্গে নদীতে ঝাঁপ দেওয়ার পরিবর্তে তরুণীটি সেতুতেই দাঁড়িয়ে পুরো দৃশ্য দেখেন। প্রেমিককে নদীর স্রোতে তলিয়ে যেতে দেখার পরও তিনি কোনো ধরনের সাহায্যের চেষ্টা না করে ধীর পায়ে ঘটনাস্থল ছেড়ে চলে যান। বিষয়টি উপস্থিত মানুষের নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা চেষ্টার পর নদী থেকে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত ও সুস্থ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, কী কারণে এই যুগল আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থল ছেড়ে চলে যাওয়া তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


