রাজধানীর ব্যস্ত এলিফ্যান্ট রোড এলাকায় একটি পরিত্যক্ত শপিংব্যাগ থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার রাতে বাটা সিগন্যাল মোড় থেকে নিউমার্কেটমুখী সড়কের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ এবং খবর দেওয়া হয় সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটকে।
পুলিশ জানায়, সোমবার রাত ১০টার দিকে সড়কের পাশে একটি শপিংব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগের ভেতরে লাল টেপ দিয়ে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু দেখতে পান পথচারীরা। বিষয়টি জানাজানি হলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশপাশের লোকজন সরিয়ে দেয় এবং নিরাপত্তার স্বার্থে এলাকাটি ঘিরে ফেলে।
পরে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুগুলো উদ্ধার করে পরীক্ষার জন্য নিয়ে যান।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করে জানান, শপিংব্যাগের ভেতরে লাল টেপে মোড়ানো চারটি বস্তু পাওয়া গেছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেগুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। পরীক্ষার পর তারা পুলিশকে বিস্তারিত প্রতিবেদন দেবেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার হওয়া বস্তুগুলো আদৌ ককটেল কি না, নাকি অন্য কোনো ধরনের বস্তু- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বিষয়টি নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে বোম্ব ডিসপোজাল ইউনিটের পরীক্ষার ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
ঘটনাটিকে কেন্দ্র করে রাতেই এলিফ্যান্ট রোডের ওই অংশে সতর্কতামূলক ব্যবস্থা নেয় পুলিশ। গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এই এলাকায় সন্দেহজনক বস্তু পড়ে থাকার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও আশপাশের বাসিন্দাদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়।


