নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি দলকে লক্ষ্য করে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন- নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত নজরুল ইসলাম শান্ত জানান, তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজি অটোরিকশায় করে কয়েকজন নারীসহ তারা একটি বিয়ের অনুষ্ঠানে ভিডিও ধারণের জন্য যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে হঠাৎ এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং কয়েকজন মাথা, হাত ও পিঠে গুলিবিদ্ধ হন।
শান্তের দাবি, হামলাকারীদের মধ্যে স্থানীয় দুই ব্যক্তিকে তিনি চিনতে পেরেছেন। হামলার সময় একজন তাকে জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতের বেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে প্রকাশ্যে এমন হামলার ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। নাগরিকদের চলাচলের সময় যদি সড়কে এভাবে সশস্ত্র হামলার আশঙ্কা তৈরি হয়, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
স্থানীয়দের অভিযোগ, অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা আরও বাড়তে পারে। বিশেষ করে রাজনৈতিক পরিচয় বা স্থানীয় প্রভাবের কারণে কেউ যাতে আইনের ঊর্ধ্বে থাকার সুযোগ না পায়, সে বিষয়ে প্রশাসনের কঠোর অবস্থান প্রয়োজন।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে গুলি করা হলে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।


