ফুটবল বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। ২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা প্রতিভাবান মিডফিল্ডার জেডেন অ্যাডামস মাত্র ২৫ বছর বয়সে মারা গেছেন। শনিবার দক্ষিণ আফ্রিকার ক্রীড়া মন্ত্রণালয় ও একাধিক ফুটবল সংস্থা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার জার্সিতে তিনটি গ্রুপ পর্বের ম্যাচেই মাঠে নেমেছিলেন অ্যাডামস। মেক্সিকো ও চেক প্রজাতন্ত্রের বিপক্ষে শুরুর একাদশে খেলেন তিনি। পরে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে বদলি হিসেবে নেমে দলকে প্রথমবারের মতো নকআউট পর্বে উঠতে সহায়তা করেন। শেষ পর্যন্ত রাউন্ড অব ৩২-এ কানাডার কাছে হেরে বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা।
ক্লাব ফুটবলে অ্যাডামস খেলতেন দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ক্লাব মামেলোদি সানডাউনসে। এর আগে স্টেলেনবস এফসির একাডেমি থেকে উঠে এসে নিজেকে দেশের অন্যতম সেরা তরুণ মিডফিল্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেন। ২০২৫-২৬ মৌসুমে সানডাউনসের হয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ জয়েরও স্বাদ পান তিনি।
অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেইটন ম্যাকেঞ্জি। তিনি বলেন, দেশের ফুটবল এক উজ্জ্বল ভবিষ্যৎকে হারাল। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকান ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন (SAFPU) এক বিবৃতিতে অ্যাডামসকে “অসাধারণ প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ ফুটবলার” হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
মাত্র কয়েক সপ্তাহ আগেই বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করা এই তরুণ ফুটবলারের আকস্মিক মৃত্যু দক্ষিণ আফ্রিকার ফুটবল অঙ্গনসহ বিশ্বজুড়ে সমর্থকদের স্তব্ধ করে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থ, সাবেক ক্লাব, ভক্ত এবং বিভিন্ন ফুটবল ব্যক্তিত্ব তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করছেন।


