২০২৬ ফিফা বিশ্বকাপ যতই নকআউট পর্বের দিকে এগোচ্ছে, ততই জমে উঠছে গোল্ডেন বুটের প্রতিযোগিতা। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বর্তমানে যৌথভাবে শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি এবং ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। দুজনেরই গোলসংখ্যা ৬।
তবে ফিফার অফিসিয়াল টাইব্রেকার নিয়ম অনুযায়ী অ্যাসিস্টে এগিয়ে থাকায় আপাতত গোল্ডেন বুট দৌড়ে প্রথম স্থানে রয়েছেন এমবাপ্পে। ফরাসি এই ফরোয়ার্ডের ঝুলিতে রয়েছে ৬ গোলের পাশাপাশি ২টি অ্যাসিস্ট, যেখানে মেসির নামের পাশে রয়েছে ৬ গোল এবং ১টি অ্যাসিস্ট।
বিশ্বকাপের সবচেয়ে বড় ব্যক্তিগত পুরস্কারগুলোর একটি গোল্ডেন বুট নির্ধারণে প্রথমে বিবেচনা করা হয় গোলসংখ্যা। একাধিক খেলোয়াড়ের গোল সমান হলে তখন অ্যাসিস্টের সংখ্যা দেখা হয়। সেই হিসাবেই বর্তমানে মেসিকে পিছনে ফেলে শীর্ষে অবস্থান করছেন এমবাপ্পে।
অন্যদিকে শীর্ষ দুই তারকার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন নরওয়ের গোলমেশিন এরলিং হালান্ড এবং ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন । দুজনেরই গোলসংখ্যা ৫। নকআউট পর্বে নিজেদের দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি গোল্ডেন বুট জয়ের স্বপ্নও বাঁচিয়ে রেখেছেন তারা।
বিশ্বকাপের নকআউট পর্বে এখনও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি থাকায় গোল্ডেন বুটের লড়াই যে শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস হয়ে উঠবে, তা বলাই যায়। বিশেষ করে মেসি, এমবাপ্পে, হালান্ড ও কেইনের মতো বিশ্বসেরা চার ফরোয়ার্ডের মধ্যে কে শেষ হাসি হাসবেন, সেদিকেই এখন নজর ফুটবল বিশ্বের।


