ইসলামিক ফাউন্ডেশনের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মুহিববুল্লাহিল বাকীকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। শিক্ষাগত সনদের অসঙ্গতি, হালাল সনদ প্রদান নিয়ে অনিয়ম, দাপ্তরিক নথি জালিয়াতির অভিযোগ এবং পদমর্যাদা নিয়ে বিতর্কসহ নানা বিষয় নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের চাকরিতে থাকা অবস্থায় ব্যক্তিগত উদ্যোগে হালাল সনদ প্রদান এবং এর মাধ্যমে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগে অতীতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এছাড়া চাকরির বিধিমালা লঙ্ঘন, দাপ্তরিক আদেশ অমান্য এবং সহকর্মীর পদোন্নতি সংক্রান্ত নথি নিয়ে অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমামের পদোন্নতি সংক্রান্ত একটি রিটে ব্যবহৃত নথির সত্যতা নিয়ে তদন্ত কমিটি প্রশ্ন তোলে। পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজেকে সিনিয়র পেশ ইমাম হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ক্ষেত্রে সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই এবং প্রয়োজনে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে


